আবাসিক এলাকা বাঁচিয়ে সড়ক নির্মাণের আহ্বান সিলিমপুরে
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার প্লট রক্ষা করে যোগাযোগব্যবস্থা উন্নয়নে খালপাড় ঘেঁষে ১২০০ মিটার দীর্ঘ বিকল্প সড়ক নির্মাণ করেছে আবাসিক এলাকা কল্যাণ সমিতি।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে সড়কটির উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট আবাসিক এলাকা এড়িয়ে নির্মিত সড়কের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানান সমিতির নেতারা।
সমিতির নিজস্ব অর্থায়নে নির্মিত ২০ মিটার প্রশস্ত সড়কটির উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, 'আমি আগেও এই এলাকা পরিদর্শন করেছি। বিকল্প সড়কের বিষয়টি কোর মিটিংয়েও প্রস্তাব করেছি।'
জঙ্গল সলিমপুর এলাকায় যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে সরকারের বিশেষ নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চারটি প্রধান সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত একটি সংযোগ সড়কের নির্মাণকাজ এগিয়ে চলছে।
তবে প্রস্তাবিত সড়কের সম্ভাব্য গতিপথে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার বেশ কিছু প্লট পড়ায় উদ্বেগ তৈরি হয় প্লট মালিকদের মধ্যে। তাদের দাবি, ওই এলাইনমেন্টে সড়ক নির্মাণ করা হলে আবাসিক এলাকার প্লট মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় আবাসিক এলাকার ভেতর দিয়ে সড়ক নির্মাণ না করে খালপাড় ঘেঁষে বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাব দেন তারা।
এরই ধারাবাহিকতায় সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে নিজস্ব অর্থায়নে সড়কটি নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে সেনাবাহিনীর প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট নতুন সড়কের সঙ্গে সমন্বয় করে আবাসিক এলাকা এড়িয়ে নির্ধারণের আহ্বান জানানো হয়।
সিডিএ চেয়ারম্যান বলেন, 'সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন দিক বিবেচনা করে প্রস্তাবিত সড়কের গতিপথ নির্ধারণ করেছে। প্লট মালিকদের সমিতি ও এলাকার বাসিন্দারা নিজস্ব অর্থায়নে বিকল্প সড়ক নির্মাণ করেছেন। এখন সেনাবাহিনীর প্রস্তাবিত সড়কের এলাইনমেন্টের সঙ্গে এটি সমন্বয় করে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।'
প্লট মালিকদের উদ্দেশে তিনি বলেন, 'তারা যেন অনতিবিলম্বে এখানে বাসস্থান নির্মাণ শুরু করেন।' এ এলাকায় সুপেয় পানি, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগব্যবস্থাসহ কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান বলেন, 'এসব সংকট নিরসনে কাজ চলছে এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো হচ্ছে।'
অনুষ্ঠানে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ, উপদেষ্টা এরাদত উল্যাহ এফসিএ, লে. কর্নেল এ.বি.এম. জয়নূর রশিদ ও এনায়েত উল্যাহ হাজারী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, দপ্তর সম্পাদক আবুল বশর, নির্বাহী সদস্য সাহাব উদ্দীন, নাসির সওদাগর ও কোরবান আলীসহ প্লট মালিক এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















