উখিয়া-টেকনাফে আড়াই লাখ ইয়াবাসহ আটক ১
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়া-টেকনাফে পৃথক অভিযানে ২ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে টেকনাফের খারাংখালী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ইয়াবা উদ্ধার করে ৬৪ বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা বহনকারী দুই ব্যক্তি দুটি পোটলা ফেলে পালিয়ে যায়।
অন্যদিকে, শুক্রবার ভোরে পালংখালী সীমান্তে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ইয়াবা আনার সময় মো. ইমরান (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছে থাকা মাছের ঝুড়ি থেকে ৫০ হাজার ইয়াবা, একটি মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
কক্সবাজার সব খবর















