টেকনাফে ফের ৩ কেজি আইস উদ্ধার, আটক নেই
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে তিন কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মাঝের ডেইল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে এক কেজি ওজনের তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট থেকে তিন কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর গায়ে ‘GUANYINWANG’ লেখা ছিল।
র্যাবের ভাষ্য, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা মাদক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাবের উদ্ধার করা আইস থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফের জালিয়া দ্বীপ ও জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৫ হাজার ইয়াবা ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় দুটি কাঠের বোট জব্দ করা হয়। পাশাপাশি ৫ হাজার ইয়াবাসহ মোহাম্মদ মোস্তফা (২৩) নামে এক যুবককে আটক করা হয়।
কক্সবাজার সব খবর















