উখিয়ায় অপহৃত ফেরিওয়ালা উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহৃত মোহাম্মদ ইব্রাহিম নামে এক ফেরিওয়ালাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) মোছারখোলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইব্রাহিম চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর শুকতাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ফেরিওয়ালা হিসেবে কাজ করেন।
পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টেকনিক্যাল স্কুলের সামনে থেকে একটি হাইস মাইক্রোবাসে করে ইব্রাহিমকে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি। পরে তাকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর শফিউল্লাহ কাটা এলাকায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।
এরপর অপহরণকারীরা ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে তার বড় ভাই আব্দুল হালিমকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় ইব্রাহিমের চাচাতো ভাই মো. শরীফ উখিয়া থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ইব্রাহিমকে উদ্ধারে রবিবার সকাল থেকে কিলো ও মোবাইল ডিউটিতে থাকা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
পুলিশের দাবি, অভিযানের বিষয়টি টের পেয়ে অজ্ঞাতনামা অপহরণকারীরা ইব্রাহিমকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে মোছারখোলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সব খবর















