শাহ আমানত বিমানবন্দর ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব, চেম্বারের আরও ৪ দাবি
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণ সক্ষমতায় কাজে লাগাতে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন চালুর প্রস্তাব দিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ৪০ শতাংশ রেয়াতি ট্যারিফসহ বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে আরও চারটি প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
শনিবার (১৫ আগস্ট) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব দেন সিসিসিআই সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
চেম্বারের অন্য প্রস্তাবগুলো হলো—লং রুটের ফ্লাইটে বিরতির সময় যাত্রী ওঠানো-নামানোর সুবিধা চালু, লং রুট ফ্লাইটের জন্য ট্রানজিট ও রিফুয়েলিং ব্যবস্থা নিশ্চিত করা এবং বিমানবন্দরসংলগ্ন এলাকায় পিপিপি/বিওও/বিওওটি পদ্ধতিতে কার্গো ভিলেজ ও আইসিডি/সিএফএস স্থাপন।
চিঠিতে চেম্বার সভাপতি বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর, বৃহৎ পাইকারি বাজার, একাধিক রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ অধিকাংশ শিল্প-কারখানা চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত। ফলে চট্টগ্রাম দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও বিনিয়োগ কেন্দ্র। তবে প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা এখনো কাজে লাগানো হচ্ছে না।
তিনি বলেন, বর্তমান সক্ষমতায় বিমানবন্দরটিতে আরও বেশি যাত্রী ও কার্গো হ্যান্ডলিং, ট্রানজিট এবং কানেক্টিং ট্রাফিক আকর্ষণের সুযোগ রয়েছে। এতে ঢাকা-কেন্দ্রিক এভিয়েশন ট্রাফিকের ওপর চাপ কমানোর পাশাপাশি চট্টগ্রামকে পূর্ব-পশ্চিম এভিয়েশন, পর্যটন ও লজিস্টিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা সম্ভব।
চেম্বার সভাপতি আরও বলেন, পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বিমানবন্দর—উভয়ের জন্য কার্গো ভিলেজ এবং আইসিডি/সিএফএস স্থাপনের সুযোগ রয়েছে। এসব অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাত পিপিপি/বিওও/বিওওটি পদ্ধতিতে বিনিয়োগ করতে সক্ষম ও আগ্রহী।
চিঠিতে তিনি উল্লেখ করেন, মোংলা বন্দরের কার্যক্রম গতিশীল করতে সরকার সেখানে চট্টগ্রাম বন্দরের তুলনায় কম ট্যারিফ নির্ধারণ করেছে। একইভাবে চট্টগ্রাম বিমানবন্দরে অধিক ট্রাফিক আকর্ষণ করে এর পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে প্রণোদনামূলক বা রেয়াতি ট্যারিফ নির্ধারণ জরুরি।
চট্টগ্রামকে বাস্তবিক অর্থে বাণিজ্যিক রাজধানী এবং আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ী সমাজের এসব প্রস্তাব বিবেচনা ও বাস্তবায়নের আহ্বান জানান সিসিসিআই সভাপতি।
অর্থ-বাণিজ্য সব খবর















