১১ মাস কারাবাসের পর মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক
প্রায় ১১ মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। অভিনেতা নিজেই জানান, তিনি গত ১৮ মার্চ কারাগার থেকে মুক্তি পান।
এর আগে গত বছরের ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিককে মারধরের পর আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে কিছু মানুষ তাকে রমনা থানায় সোপর্দ করে।
মুক্তির পর নিজের অনুভূতির কথা জানিয়ে সিদ্দিক বলেন, জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে এসেছেন। বিষয়টি এতদিন ব্যক্তিগতভাবে রাখার কারণেই প্রকাশ করেননি বলেও জানান তিনি।
কারাজীবনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, কারাগারে থাকলেও সময়কে অযথা নষ্ট করেননি। নিয়মিত নামাজ পড়েছেন এবং কোরআন অনুযায়ী চলার চেষ্টা করেছেন। সেখানে বসে তিনি বেশ কয়েকটি নাটকের গল্পও লিখেছেন। সেগুলো নিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
সিদ্দিক আরও জানান, কারাজীবনকে তিনি শুধু বন্দিদশা হিসেবে দেখেননি, বরং এটিকে আত্মপর্যালোচনা ও পরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন। তাঁর ভাষায়, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আগে দ্বীনের কাজে তেমনভাবে যুক্ত ছিলেন না, কিন্তু সেখানে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। তিনি বলেন, আল্লাহই তাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।
কারাগারের দেয়ালে লেখা “রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ” স্লোগান তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও জানান তিনি। সিদ্দিক বলেন, কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছে, আর তিনি নিজেই নিজের আলোর পথ খুঁজে পেয়েছেন।
বন্দি অবস্থাতেও সৃজনশীলতা থেমে থাকেনি বলে জানান এই অভিনেতা। তিনি জেলে বসে ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন তিনি।
মুক্তির পরও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগছে বলে জানান সিদ্দিক। তিনি বলেন, এখনো মানসিকভাবে সেই কারাবন্দি রুটিনের মধ্যেই নিজেকে অনুভব করেন। বর্তমানে তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
বিনোদন সব খবর















