কারিনা কায়সার মারা গেছেন
বিনোদন ডেস্ক
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাবা জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু ওকে আর বাঁচানো গেল না।'
পারিবারিক ও চিকিৎসাসূত্রে জানা গেছে, লিভার-সংক্রান্ত জটিলতায় গত কয়েক দিন ধরে সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতাল তার নিবিড় চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নেন। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়।
পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই কারিনা অসুস্থ বোধ করছিলেন। প্রথমে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে পরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি হেপাটাইটিস-এ আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। সংক্রমণের কারণে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে পড়ে এবং গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব কনটেন্ট নির্মাণ ও অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গন ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে
বিনোদন সব খবর















