Cvoice24.com

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা করে পুলিশের কাছে গেলেন যুবক

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
১২:৪৫, ১৮ আগস্ট ২০২৬
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা করে পুলিশের কাছে গেলেন যুবক

রাঙামাটিতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে অভিযুক্ত স্বপন চাকমা (২২) পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম রিপন চাকমা (১২)। সে কাপ্তাই উপজেলার ১ নম্বর ওয়ার্ডের ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার জন্য রিপন জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় তার খালু আশ্বিনী কুমার চাকমার (৫০) বাড়িতে থাকতো।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে খালুর বাড়িতে পড়াশোনা করছিল রিপন। এ সময় তাকে একটি ঘরে নিয়ে ধারালো ছুরি দিয়ে বুকে পরপর দুইবার আঘাত করা হয়। পরে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে গলায়ও ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, হত্যার পর শিশুটির মরদেহ সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। পরে ঘটনার সঙ্গে স্বপন চাকমার সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। তার বাবার নাম রিম লাল চাকমা।

ঘটনার পর স্বপন চাকমা পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, পারিবারিক পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্বপন চাকমার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে আদালতে নেওয়া হবে।

ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।