রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড়ে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৯ হাজার ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
পুলিশ জানায়, রামগড় থানার একটি দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফেনীরকুল এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষের জানালা দিয়ে ইয়াবা বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, ফরিদ উদ্দিনের পরিহিত লুঙ্গি থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ১৯ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। অপরদিকে, জাহানারা বেগমের পরিহিত পেটিকোটের কোমরের জিপার থেকে ২৩ পিস ইয়াবা এবং তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।
পাহাড় সব খবর














