Cvoice24.com

ইরানে হামলা ‘সঠিক’, ক্ষমা চাইবেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৮:৪৭, ১৫ আগস্ট ২০২৬
ইরানে হামলা ‘সঠিক’, ক্ষমা চাইবেন না ট্রাম্প

ইরানে হামলার জেরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও এ জন্য কখনো ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যুক্তি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার সিদ্ধান্তের তুলনায় তেলের বাড়তি দাম মেনে নেওয়াই যুক্তিযুক্ত।

শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে এক অনুষ্ঠানে সাধারণ মানুষের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা তেলের জন্য একটু বেশি টাকা দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, এটা করছেন যাতে একটা খুব খারাপ দেশ পারমাণবিক অস্ত্র হাতে না পায়। ইরান হচ্ছে সারা বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদদদাতা।’

তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে, সেটিকে খুব বড় করে দেখছেন না ট্রাম্প। ইরানে হামলার সিদ্ধান্তকে সঠিক দাবি করে তিনি বলেন, ‘এখন আপনাদের গ্যালনপ্রতি চার ডলার খরচ করতে হচ্ছে, যা ঠিক আছে। আমি সঠিক কাজ করেছি। এর জন্য আমি কখনো ক্ষমা চাইব না।’

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, তেলের দাম কম রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে দূরে রাখা—দুটিই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সমান গুরুত্বপূর্ণ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে এক গ্যালন জ্বালানি তেলের গড় দাম চার ডলার ছাড়িয়েছে। এক বছর আগেও দেশটিতে প্রতি গ্যালন তেলের দাম প্রায় তিন ডলারের কাছাকাছি ছিল।

তবে ট্রাম্প এই মূল্যবৃদ্ধিকে যতই সামান্য হিসেবে দেখান না কেন, সাধারণ আমেরিকানদের বড় একটি অংশ তাতে একমত নন। সিএনএনের এক জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ আমেরিকান মনে করেন, এই যুদ্ধের পেছনে মানুষের জীবন ও অর্থের যে বিপুল ক্ষতি হয়েছে, তার কোনো সার্থকতা নেই।