Cvoice24.com

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

সিভয়েস২৪ ডেস্ক
১২:২৯, ১৮ আগস্ট ২০২৬
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ১৭৪ জনের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন এসব বাংলাদেশি। সমুদ্রপথে অভিযানের সময় তাদের উদ্ধার বা আটক করা হয়। পরে তাদের নেওয়া হয় লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে। সেখানে দীর্ঘ সময় আটক অবস্থায় ছিলেন তারা।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সহযোগিতায় সর্বশেষ ১৭৪ জনকে দেশে ফেরানো সম্ভব হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিয়মিত সাক্ষাৎকার নেওয়া, পরিচয় যাচাই এবং প্রত্যাবাসনের কাজ চলছে। এসব কেন্দ্রে থাকা অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এর আগে, গত ৭ আগস্ট একই প্রক্রিয়ায় লিবিয়া থেকে দেশে ফিরেছিলেন ৩৪০ বাংলাদেশি। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি আগস্টে লিবিয়া থেকে মোট ৫১৪ বাংলাদেশি দেশে ফিরলেন।

এদিকে, দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে না পড়ে নিরাপদ ও বৈধ অভিবাসনপথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে সরকারি অনুমোদিত ও আইনসম্মত প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।

দূতাবাসের পরামর্শ, অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি না নিয়ে নিরাপদ ও বৈধ পথে অভিবাসনের সুযোগ নিতে হবে।