‘কাটার মাস্টার’কে নিয়ে দুবাই ক্যাপিটালসের চমক
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে অভিনব এক পোস্ট দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস। তবে পোস্টে সরাসরি তার নাম প্রকাশ করেনি দলটি। শুধু বোলিং অ্যাকশনের অবয়ব প্রকাশ করে ভক্তদের কাছে জানতে চাওয়া হয়েছে, ছবির বোলার কে?
শনিবার (৮ আগস্ট) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্টটি দেয় দুবাই ক্যাপিটালস। সেখানে একজন বাঁহাতি পেসারের বোলিং অ্যাকশনের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার, যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’
নাম না বললেও বোলিং অ্যাকশন দেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত উত্তর দিতে শুরু করেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বেশির ভাগ মন্তব্যেই উঠে আসে মোস্তাফিজুর রহমানের নাম। কেউ তাকে বলেছেন ‘কাটার মাস্টার’, আবার কেউ বাংলাদেশের পতাকার ইমোজি দিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বাঁহাতি এই পেসার তার কাটার ও স্লোয়ারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ভিন্ন গতির বল ও কার্যকর কাটারে ব্যাটারদের বিপাকে ফেলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন মোস্তাফিজ।
দ্বিতীয়বারের মতো আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। গত বছর প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়ে দুবাইয়ের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। তার বোলিংয়ে ইকোনমি রেট ছিল ৮.০৮।
তবে মোস্তাফিজের পারফরম্যান্স সত্ত্বেও গত আসরে এলিমিনেটর থেকেই বিদায় নেয় দুবাই ক্যাপিটালস। টুর্নামেন্টের শিরোপা জেতে ডেজার্ট ভাইপার্স।
এবারের আইএল টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। নতুন মৌসুমে মোস্তাফিজের কাটার-জাদুতে দুবাই কতটা এগোতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
খেলাধুলা সব খবর















