বৃদ্ধকে বাঁচাতে গিয়ে চাঁদের গাড়ি উল্টে আহত ১০
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঁদের গাড়ি উল্টে ১০ জন আহত হয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পিএবি সড়কের কালাবিবির দীঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহতরা সবাই উপজেলার বরুমচড়া ইউনিয়নের বাসিন্দা। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কেইপিজেডের শ্রমিক-কর্মচারিবাহী চাঁদের গাড়িটি ছুটি শেষে বরুমচড়ার দিকে যাচ্ছিল। গাড়িটি পিএবি সড়কের কালাবিবির দীঘি এলাকায় পৌঁছালে দেখা যায় এক বৃদ্ধ পথচারী রাস্তার পাড় হচ্ছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয় তাতেই চাঁদের গাড়িটি উল্টে যায়। আহত হন ১০ জন। স্থানীয়রা উদ্ধার করে তাদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (টিএইচও) মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ৪ জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়ে গেছেন। তবে তাদের কারো আঘাত গুরুতর না।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













