এবার পালাতে পারলেন না আনোয়ারার ডাকাত রহিম, সেনাবাহিনীর হাতে ধরা
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুর রহিম নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার ছেলে মো. ইমরানকেও আটক করা হয়। রহিম থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত।
রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল ওয়ার্ডের গোয়ালপাড়া গ্রামে অভিযান চালায় সেনাবহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, খুন, ডাকাতি, ছিনতাই, নারী-শিশু নির্যাতন, মাদকসহ সাত মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য একাধিকবার অভিযান চালিয়েও তাকে আটক করতে ব্যর্থ হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে বাড়ির পাশে পুকুর থেকে ছেলেসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বন্দুক, ৮ রাউন্ড গুলি ও চাপাতি, রামদাসহ দেশে তৈরি সাতটি অস্ত্র জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থার জন্য তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ওই দুজনকে অস্ত্রসহ আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাদেরকে আদালতে পাঠানো হবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













