Cvoice24.com

বাঁশখালীতে এস আলম বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ
যাচ্ছিলেন বাবা-মায়ের শ্মশানে, প্রাণ গেল পথে সড়ক দুর্ঘটনায়

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১২:০৩, ১৮ নভেম্বর ২০২৪
যাচ্ছিলেন বাবা-মায়ের শ্মশানে, প্রাণ গেল পথে সড়ক দুর্ঘটনায়

চট্টগ্রামের বাঁশখালীতে যাত্রাবাহী বাস এস আলম পরিবহনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষে অবিনাশ ধর (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও বনিকপাড়া টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অবিনাশ ধর উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড নাথপাড়ার বিপিন ধরের ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন। 

স্থানীয়রা জানান, এস আলমের বাসটি বাঁশখালীতে থেকে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। অন্যদিকে টমটমটি যাচ্ছিল বাঁশখালীর দিকে। বাসটি সাধনপুর ইউনিয়ন বৈলগাঁও এলাকার বিপজ্জনক টেক বনিকপাড়ায় পৌঁছালে টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় অবিনাশ ধরের।  

নিহত অবিনাশ ধরের ছেলে সুমন ধর বলেন, ‘বাবা গুনাগরীর বাড়ি থেকে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় বাবা-মায়ের শ্মশানে বাতি দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে দ্রুতগামী একটি বাস টমটমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবার মৃত্যু হয়।’ 

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম। তিনি জানান, মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর