Cvoice24.com

বোয়ালখালীতে ভোররাতে টেম্পো-ইজিবাইক সংঘর্ষ, কিশোর চালক নিহত

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:৪৮, ১৩ ডিসেম্বর ২০২৪
বোয়ালখালীতে ভোররাতে টেম্পো-ইজিবাইক সংঘর্ষ, কিশোর চালক নিহত

চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পো (টুকটুকি) ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. সাইমন (১৫) নামে এক কিশোর মারা গেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৪ টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমন উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের মৃত নুর কাদেরের ছেলে। তিনি ইজিবাইকটির চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত সাড়ে ৪টার চারদিকে ইজিবাইকটি শাকপুরা থেকে কালুরঘাটের দিকে যাচ্ছিল। এটি রায়খালী ব্রিজ পাড় হয়ে এরিনা টেক্সটাইল সংলগ্ন জঙ্গা তালুকদার পাড়ার গেট পৌঁছালে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত সবুজ টেম্পোর সঙ্গে (চট্টমেট্রো-চ ০৫০৬৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ইজিবাইক চালক সাইমন।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’ 

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পরপরই টেম্পোচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর