Cvoice24.com

চন্দনাইশে কৃষি জমির মাটি কাটায় ৩ জনের কারাদণ্ড

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৫২, ১৫ জানুয়ারি ২০২৫
চন্দনাইশে কৃষি জমির মাটি কাটায় ৩ জনের কারাদণ্ড

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে কৃষি জমির উপরের স্তর (টপ সয়েল) মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া বহরম পাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় মাটিভর্তি একটি মিনি ট্রাক হাতেনাতে ধরার পর চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের উত্তর জাফরাবাদ এলাকার মো. আশরাফের ছেলে মো. জোবায়ের (২৮), চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মরহুম শামসুল ইসলামের ছেলে নুরুল করিম (২৭) এবং সাতকানিয়ার ছিদ্দিক আহমদের ছেলে হাবিবুর রহমান (২৫) কে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, ‘কৃষি জমির টপ সয়েল কাটা নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, আনসার ও চন্দনাইশ থানার একদল পুলিশ সহযোগিতা করেন। 

 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর