Cvoice24.com

ফুল নয়, চিপসের প্যাকেটে সাজানো হলো বরের গাড়ি

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
১৭:০৩, ১ জানুয়ারি ২০২৫
ফুল নয়, চিপসের প্যাকেটে সাজানো হলো বরের গাড়ি

বিয়ে মানেই সাজ সাজ রব। এর মধ্যে অন্যতম আকর্ষণ বরের গাড়ি। সচরাচর বরের গাড়ি সাজানো হয় ফুল দিয়ে। কিন্তু এবার সেই গাড়ির সাজে দেখা গেল ভিন্নতা। ফুল নয়, বিভিন্ন চিপসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে গাড়ি। উৎসুক জনতার ভিড় লেগেছে গাড়িটি দেখতে।

নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) এমন সাজের গাড়ির দেখা মিললো চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে। 

সরেজমিনে দেখা যায়,গাড়িটি সাজানো হয়েছে রকমারি চিপস দিয়ে। উৎসুক জনতা ভিড় করছেন গাড়িটি দেখতে এবং ছুঁড়ছেন নানা উক্তিও। বরের গাড়িটি কনের বাড়িতে পৌঁছালে ছোট ছোট ছেলে-মেয়েরা দৌড়ে দৌড়ে চিপসগুলো টান দিয়ে খুলে নিতে দেখা যায়। অনেক বড়দেরও চিপস খুলে নিয়ে খেতে দেখা যায়। এ সময় লোকজনদের হাসাহাসিতে অন্যরকম আবহে রূপ নেয় বিয়েবাড়ি।

জানা গেছে, ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির জনৈক কবির আহমদের ছেলে মোহাম্মদ আলী এমন সাজের গাড়ি নিয়ে নতুন বউ আনতে যান একই উপজেলার গোপালঘাটা গ্রামে।

এমন ভিন্ন সাজ সম্পর্কে বর মোহাম্মদ আলী বলেন, ‘আমার বিয়ের গাড়ি ভিন্ন কিছু দিয়ে সাজানোর ইচ্ছে ছিল। তাই এমনটি করা।’

বরের বড়ভাই মোহাম্মদ আইয়ুব ও আব্দুল মান্নান বলেন, ছোট ভাইয়ের ইচ্ছাতে এ রকম সাজানো হয়েছে গাড়ি। এখন দেখি আমাদের ভাইয়ের বিয়ের গাড়ি ভাইরাল হয়ে গেছে।

বিয়ের গাড়িটি সাজিয়েছেন নাজিরহাটের আইমান ইভেন্ট স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন শাহ। তিনি বলেন, ‘বরের শখ ছিল তাঁর বিয়ের গাড়ি এ রকম সাজানো। তাই সাজিয়ে দিলাম।’

মোহাম্মদ ফোরকান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘কালে কালে আরো কত কি দেখব! এ রকম গাড়ির সাজ আগে কখনো দেখিনি।’

ভিডিও  : চিপসের প্যাকেটে সাজানো বরের গাড়ি

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর