রেললাইনে ঘুম, চার টুকরা দেহ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাট রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, লোকটি রেল লাইনের ঘুমাচ্ছিলেন। সেখানে জ্বলন্ত অবস্থায় মশার কয়েল ও অন্যান্য জিনিসপত্রও পড়ে রয়েছে। ট্রেনে কাটা পড়ে তার দেহ চার টুকরা হয়ে গেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাটিরহাট রেল স্টেশনের দক্ষিণ পাশে খন্ডালিয়ার ঘাটায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদকর্মী বোরহান উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির দেহ তিন থেকে চার টুকরা হয়ে গেছে। চেহারা চেনা যাচ্ছে না। পাশে জ্বলন্ত অবস্থায় মশার কয়েল ও অন্যান্য জিনিসপত্রও পড়ে রয়েছে। তাতেই ধারণা করা হচ্ছে, লোকটি রেল লাইনের একপাশে মাথা ও অন্যপাশে পা রেখে ঘুমাচ্ছিলেন। এ অবস্থায় ট্রেনে কাটা পড়েছেন তিনি।
কেউ কেউ বলছেন লোকটি কামলা (দিন মজুর)। কিন্তু ট্রেনে কাটা পড়ার পর তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও চুরি হয়ে যাওয়ায় ওই ব্যক্তি নাম-পরিচয় জানা যাচ্ছে না। তবে তিনি যে এই এলাকার বাসিন্দা নন তা অনেকটা নিশ্চিত।
চট্টগ্রাম রেলওয়ে কন্ট্রোল রুম এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে বলে জানানো হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই মোহাম্মদ জাফরকে কল দিলেও তিনি রিসিভ করেননি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














