হাটহাজারীতে সাড়ে ৩ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে সাড়ে ৩ কোটি টাকার সরকারি সম্পদ পুনরুদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৭ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং চট্টগ্রাম-নাজিরহাট সড়কের উভয় পাশে একটি ভূমিদস্যু চক্র সরকারি সম্পদ দখল করে দাপটের সঙ্গে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় আবদুল মোনাফ নামের এক ব্যক্তি প্রায় ৩২ শতক সরকারি জমি দখল করে তাতে রাতের আঁধারে অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করে। বিষয়টি ইউএনও এবিএম মশিউজ্জামান বিষয়টা অবগত হয়ে রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সত্যতা পেয়ে এসব অবৈধভাবে নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দেন।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, ‘সরকারি জায়গা দখল করে কেউ রাখতে পারবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














