বড়উঠানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
জুলুছে যাওয়া হলো না স্বেচ্ছাসেবক দলনেতা হেলালের
আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হেলাল (২৯) নামে এক স্বেচ্ছাসেবক দলনেতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ড্রাইভার মো. রিয়াদ (৩০), সাজ্জাদ (৩০) ও আয়াছ (৩৫) নামে আরও তিনজন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বড়উঠান ইউনিয়নের রাস্তার মাথা (পিএবি সড়ক) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদণ্ডি ইউনিয়নের খুরুস্কুল ৭ ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার মোহাম্মদ সৈয়দ নুরের ছেলে। তিনি মেজবান ও বিয়ের অনুষ্ঠানে বয়ের কাজ করতেন। সকালে বাড়ি থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম শহরে জশনে জুলুসে যোগ দিতে বের হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী মাঈনুদ্দিন খান মাসুম জানান, সকালে একটা সিএনজিচালিত অটোরিকশায় করে জুলুছে যাওয়ার পথে বড়উঠান রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম শহর থেকে উল্টোপথে আসা (চট্টমেটো ১১-৬৭৫৩) সাদা রঙের মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা সবাই আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতাল প্রেরণ করে। শুনেছি আহতদের একজন মারা গেছেন। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আনোয়ারা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হায়দার চৌধুরী বলেন, ‘হেলাল স্বেচ্ছাসেবক দলের একনিষ্ঠ কর্মী ছিল। সে খুরুস্কুল ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী। তার আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














