চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে উধাও, ফাঁদে ফেলে ধরা
সিভয়েস২৪ প্রতিবেদক
বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে ব্যবহৃত মোটরসাইকেল কিনতে আসেন এক ব্যক্তি। ঠিক আছে কিনা তা পরীক্ষা করে একটু চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে যান তিনি। এরপর আর আসেননি। তবে শেষ রক্ষা হয়নি, ফাঁদে পা দিয়ে গ্রেপ্তার হতেই হয়েছে তাকে। এমন ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকা থেকে সাইফুল ইসলাম প্রকাশ মানিক(৩৯) নামে ওই প্রতারককে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ।
পুলিশ জানায়, রেজাউল করিম নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি কিনতে আসেন সাইফুল ইসলাম প্রকাশ মানিক। সব দেখার পর প্র্যাকটিক্যালি ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য একটু চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে চলে যান তিনি। কিন্তু দীর্ঘক্ষণ পরও মোটরসাইকেল নিয়ে ফিরে না আসায় গাড়ির মালিক রেজাউল করিম দারস্থ হন পুলিশের। পাশাশাশি নিজেই বুদ্ধি করে রেজাউল তার এক বন্ধুকে দিয়ে ফোনে গাড়িটি কেনার প্রস্তাব দেয় ওই প্রতারককে। এই ফাঁদে পা দিয়ে নগরের লালখান থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন মানিক।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
তিনি বলেন, ‘রেজাউল করিমের অভিযোগের ভিত্তিতে থানায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে প্রতারক ক্রেতার বিরুদ্ধে মামলা করা হয়। পরে কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এবং গাড়িটিও উদ্ধার করা হয়। শুক্রবার (৪ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় প্রতারককে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














