চরপাথরঘাটায় অটোরিকশার গ্যারেজে আগুন, পুড়ে ছাই ৩৪ গাড়ি
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার আগেই ওই গ্যারেজে রাখা ৩০টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১টি মোটরসাইকেল ও তিনটি মাহিন্দ্র সম্পূর্ণ পুড়ে গেছে। সেই সঙ্গে পুড়ে ছাই হয়েছে পাশে থাকা একটি মুদির দোকানও। এতে কেউ হতাহত না হলেও প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে চরপাথরঘাটার নুরনবী চেয়ারম্যানের বাড়ি এলাকার আনিছুর রহমানের গ্যারেজে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোররাত ৪টার দিকে নুরুল আমিনের ছেলে আনিছুর রহমানের গ্যারেজে আগুন লাগে। এতে তার গ্যারেজে থাকা ৩০টি ব্যাটারিচালিত রিকশা ১টি মোটরসাইকেল এবং তিনটি মাহিন্দ্র পুড়ে গেছে। এ সময় পাশে থাকা তার ভাই নজরুল ইসলামের মুদির দোকানটিও পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন। তিনি জানান, শুক্রবার ভোরে একটি গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তসাপেক্ষে জানানো যাবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














