Cvoice24.com

লোহাগাড়ায় চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৪৪, ৫ জানুয়ারি ২০২৫
লোহাগাড়ায় চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় চোরাই মালামালসহ মো. নাহিদুর ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নাহিদুর ইসলাম উপজেলা সদরের দক্ষিণ সুখছড়ি হোসেন সিকদার পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) সকালে একই এলাকার তালুকদার পাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. জহির উদ্দিন সপরিবারে তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। বিকেলে ফিরে এসে দেখেন তার ঘরের দরজা খোলা এবং জানালা ভাঙা। ঘরে ঢুকে তিনি দেখতে পান আলমারি ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদি হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী জহির উদ্দিন বলেন, ‘শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সপরিবারে আমার বোনের বাড়িতে বেড়াতে যাই। বিকেলে ফিরে দেখি আমার মাটির ঘরের প্রধান ফটকের পূর্ব পাশের জানালা ভাঙ্গা এবং দরজা খোলা। প্রতিবেশীদের ডেকে ঘরে প্রবেশ করে দেখি— নিজ শয়ন কক্ষের কাঠের আলমারি ও মায়ের শয়ন কক্ষের কাঠের আলমিরা ভেঙ্গে সব নিয়ে গেছে চোর। যেখানে স্বর্ণের ২টি কানের দুল, ১টি আংটিসহ নগদ ১৭ হাজার টাকা রাখা ছিল।’

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া স্বর্ণের কানের দুলসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর