Cvoice24.com

ভোরে লোহাগাড়ায় ১৮ দোকান পুড়ে ছাই

লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৩৮, ১৫ জানুয়ারি ২০২৫
ভোরে লোহাগাড়ায় ১৮ দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে আগুনে পুড়ে গেছে ১৮টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে আগুন নেভাতে এসে স্থানীয়দের রোষাণলে পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে সদর ইউনিয়নে দক্ষিণ সুখছড়ি খালেকীয়া দরবার শরীফ স্টেশন এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন— মো. জাহাঙ্গীর আলম, মো. মিনহাজ উদ্দীন, মো. তৈয়ব, তৌহিদুল আজিম, জাফর আহমদ, মো. আনোয়ার, মো. সেলিম, আবদুল আহাদ, রুহিদুল ইসলাম, সজল শীল, সুনীল দাশ, আবদুল হাফেজ, মাস্টার নুরুচ্ছফা, মো. রেজাউল করিম, আবু তাহের, ধন কান্তি দাশ ও মো. কুতুব উদ্দীন।

জানা গেছে, ভোর ৫টার দিকে মার্কেটে দাউ-দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন আগুন নেভাতে ছুটে যায়। ৬টার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে দেরিতে আসার কারণে তাদের উপর স্থানীয় লোকজন চড়াও হয়। পরে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। তবে তার আগেই ওখানকার ১৮টি দোকান পুড়ে যায়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রুবেল আলম জানান, ভোর সাড়ে ৫টার দিকে ৯৯৯ এর মাধ্যমে অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে পারি। এর পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করতে গেলে স্থানীয় কিছু লোক তাদের উপর চড়াও হয়। এতে আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটে। ধারণা করছি, কোন একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষ বলা যাবে। 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর