মিরসরাইয়ে ১৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে পালানো যুবক পাহাড়ে ধরা
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাটের জুয়েলারি থেকে ১৪ লাখ টাকা মূল্যমানের স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যাওয়া যুবক নিউটন ধরকে (২৯) খাগড়াছড়ির পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৫ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিউটন ধর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের মোহন প্রসাদ ধরের ছেলে।
জানা গেছে, নিউটন ধর দীর্ঘদিন ধরে উপজেলার বারইয়ারহাট বাজারের আধুনিক ডাইস কার্টিং চেইনঘর নামক জুয়েলারিতে কর্মরত ছিলেন। গত ২৭ আগস্ট রাতে তিনি ওই জুয়েলারি থেকে স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় জুয়েলারি দোকানের মালিক কৃষ্ণ কুমার ধর আদালতে মামলা দায়ের করলে পুলিশ খাগড়াছড়িতে অভিযান চালিয়ে নিউটন ধরকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আসামি নিউটন ধরকে খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে, শ্বশুরবাড়ি ফেনীর ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়নের দারোগারহাট এলাকা থেকে সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ তেইশ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার দাম আনুমানিক ১৪ লাখ টাকা। আত্মসাতের অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামি নিউটনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














