Cvoice24.com

পটিয়ায় ফার্ম থেকে ১৯ গরু চুরি, মূল হোতা গ্রেপ্তার

সিভয়েস২৪ ডেস্ক
১২:০৪, ১৮ নভেম্বর ২০২৪
পটিয়ায় ফার্ম থেকে ১৯ গরু চুরি, মূল হোতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় ডেইরি ফার্ম থেকে ১৯ গরু চুরির ঘটনায় মো. মোক্তার শাহ (৪০) নামে আন্তঃজেলা গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. মোক্তার শাহ পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নং ওয়াডের বাড়ৈকারা এলাকার শাহ বাড়ির শামসুল ইসলামের ছেলে । 

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রী কলেজের সামনে এআরএইচ এগ্রো চৌধুরী ডেইরি ফার্ম থেকে ২০-২২ জনের সংঘবদ্ধ একটি চোরের দল ফার্মের কেয়ার টেকার আবদুল মান্নানকে মারধর করে তাকেসহ ১৯টি গরু চুরি করে ট্রাকযোগে নিয়ে যায়। তবে মাঝপথে কেয়ার টেকারকে গাড়ি থেকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। 

‘এ ঘটনার পরদিন ১৩ নভেম্বর সেই কেয়ার টেকার আবদুল মান্নানকে প্রধান আসামি করে খামারের মালিক হেলাল উদ্দিন চৌধুরী বাদি হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তবে তার আগেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আবদুল মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তার অসংলগ্ন কথাবার্তায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।’ 

পুলিশ আরও জানায়, গরু চুরির ৫ দিনের মাথায় সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের দলনেতা মো. মুক্তার শাহকে শনাক্তসহ তার অবস্থান নির্ণয় করে পুলিশ। সে সূত্র ধরে রবিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নগরের বহদ্দারহাটস্থ কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম। 

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নামজুন নুর জানান, গরু চুরিতে খামারের কেয়ার টেকার আবদুল মান্নানের সহযোগিতা ছিল। পরে খামারের সিসিটিভির ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম সদস্যকে গ্রেপ্তার করেছি। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে এআরএইচএগ্রো ডেইরি ফার্ম থেকে গরু চুরিতে জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পটিয়া থানায় ৪টি, কর্ণফুলী থানায় একটিসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে।
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর