‘পেটের ক্ষুধার মতোই মেয়েদের পিরিয়ডও স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া’
সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
‘পেটের ক্ষুধা যেরকম স্বাভাবিক, মেয়েদের পিরিয়ডও তেমনি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এটা নিয়ে লজ্জিত হওয়ার, ভয় পাওয়ার বা সঙ্কোচ করার কিছু নাই। বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। ২০২৪ সালে এসে মেয়েদের পিরিয়ড নিয়ে লুকোচুরি করার কোন অর্থ নাই। এই শারীরিক প্রক্রিয়া আমাদের মা-বোনদের জন্য মহান সৃষ্টিকর্তা প্রদত্ত একটি নেয়ামত। পিরিয়ড নিয়ে সংকোচ না করে বিদ্যালয়ের শিক্ষিকাদের সঙ্গে ও পরিবারের সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করতে হবে। এ সময়ে মেয়েদেরকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া আমাদের সবার দায়িত্ব। আমাদের মেয়েদেরকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে সূর্য তরুণ একটি বড় ভূমিকা রাখছে। এই সংগঠনের হাত ধরে সীতাকুণ্ডের প্রতিটি বিদ্যালয়ের মেয়েরা স্বাস্থ্য সচেতন হয়ে উঠবে বলে আশা করি।’
মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ে স্থানীয় যুব সংগঠন সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে ‘বিনামূল্যে স্যানিটারি প্যাড বুথ স্থাপন’ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কে.এম রফিকুল ইসলাম এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল রায়ের সভাপতিত্বে ও সূর্য তরুণ যুব ক্লাবের সাধারণ সম্পাদক নওশিন আল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি, সহকারী প্রধান শিক্ষক (প্রশাসন) বিভাস চক্রবর্তী, সূর্য তরুণ যুব ক্লাবের উপদেষ্টা বদরুজ্জামান ভূইঁয়া, সাংবাদিক কামরুল ইসলাম দুলু ও সাইফুল ইসলাম রুবেল, সূর্য তরুণ ক্লাবের উপদেষ্টা, অভিনেতা সাজ্জাদ ভূইঁয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়েত আকবর, সংষ্কৃতি বিষয়ক সম্পাদক হাসনাত আল মাহমুদ ও অর্থ সম্পাদক তারিফুর রহমান অনিম।
সংগঠনটির সাধারণ সম্পাদক নওশিন আল মাহমুদ বলেন, ‘বিদ্যালয়ে একটি বুথ স্থাপন করা হয়েছে। বুথের দায়িত্বে থাকবেন একজন শিক্ষিকা। ছাত্রীরা এখান থেকে প্রয়োজন অনুযায়ী তাদের প্যাড সংগ্রহ করতে পারবে। এক বছরের জন্য প্রয়োজনীয় প্যাড বিদ্যালয়ের শিক্ষিকা শিপ্রা ম্যাডামের হাতে তুলে দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














