নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব চন্দনাইশে
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে শুরু হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের নিয়ে ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চন্দনাইশের ছাত্র প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী র্যালিতে ইউএনও মো. রাজিব হোসেন বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু হলো। এ কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে তরুণদের নিয়ে নানা কর্মসূচি হাতে নেয়া হয়।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












