পটিয়ায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার
প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বিশেষ অভিযানে প্রায় দুই কোটি মূল্যের ৩৬ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানকালে পালিয়ে গেছেন এক কারবারি। এ সময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে পটিয়ার কমল মুন্সিরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন— কক্সবাজার চকরিয়া উপজেলার নুরুল হোসেনের ছেলে নাছির উদ্দীন (৪৮) ও একই এলাকার নুরুল আমিনের ছেলে রাশিফুল ইসলাম রাহুল (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া কমল মুন্সিরহাট এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশিকালে বিশেষ কায়দায় দরজার ভেতরে লুকানো অবস্থায় ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য বর্তমানে এক কোটি ৮০ লাখ টাকা। এ সময় ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়। তবে সাইদুর রহমান নামে একজন পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের বিশেষ টিম কাজ করছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














