Cvoice24.com

মাইজভাণ্ডারে ওরশ ঘিরে মানুষ আর মানুষ, আজ আখেরি মোনাজাত

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৩৫, ২৪ জানুয়ারি ২০২৫
মাইজভাণ্ডারে ওরশ ঘিরে মানুষ আর মানুষ, আজ আখেরি মোনাজাত

আজ শুক্রবার, মহান ১০ মাঘ। মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৯তম ওরশ শরীফ চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে।

মাইজভাণ্ডার শরীফের প্রধান এই ওরশ শরীফকে উপলক্ষ করে প্রতি বছর লাখ লাখ আশেক ভক্ত জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশার সমস্ত ভেদাভেদ ভুলে সমবেত হয় দরবারে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আশেক ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে দরবার শরীফ। 

ওরশ উপলক্ষে বিভিন্ন মঞ্জিলে এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)  বা’দ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস্ শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। রওজায় গিলাপ চড়ান গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। 

এ সময় উপস্থিত ছিলেন ভারতের অধ্যাপক ড. শেখ মকবুল ইসলাম, খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, ফনিক্স শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু তাহের, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন প্রমুখ। পরে রওজা প্রাঙ্গণে তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।

আজ শুক্রবার সকাল ৮টায় রওজা শরিফে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, তাওয়াল্লোদে গাউসিয়া পাঠ ও মিলাদ অনুষ্ঠিত হয়। রাত ১২টায় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। 

এদিকে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ওরশ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে।

এছাড়াও গাউসিয়া হক মন্জিল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আশেক-ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা নাজিরহাট ঝংকার মোড় হতে মাইজভাণ্ডার দরবার শরিফের পুরো এলাকাজুড়ে দায়িত্ব পালন করছেন। 

ওরশ শরীফ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের ব্যবস্থাপনায় ৮টি জাতীয় ও স্থানীয় দৈনিকে বাণীসম্বলিত বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে এবং ২৩ জানুয়ারি, আজ ২৪ জানুয়ারি এবং আগামী ২৭ জানুয়ারি নগরের মুরাদপুর থেকে মাইজভাণ্ডার দরবার শরীফ পর্যন্ত বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।

অন্যদিকে আজ ২৪ জানুয়ারি ১০ মাঘ ওরশ শরীফের দিন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। ন্যায্যমূল্যে খাবারের দোকান, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অযু ও অস্থায়ী টয়লেটের ব্যবস্থা, উপদেশ ও দিকনির্দেশনা সম্বলিত প্রচার-প্রচারণা। ২৫ জানুয়ারি ভোর ৫টা হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শানই আহমদীয়া গেট পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে উক্ত ১০ দিনব্যাপি কর্মসূচি সমাপ্ত হবে।

এর আগে, মহান ১০ মাঘ ওরশ শরীফ উপলক্ষে গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির মধ্যে ৩ জানুয়ারি নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তদশ শিশু-কিশোর সমাবেশ উপলক্ষে ১৯টি ইভেন্টে ৮ সহস্রাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর পর ১০ জানুয়ারি একই মাঠে পাঁচ সহস্রাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১১ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে সুলতান আহমদ হলে ১১তম উলামা সংলাপ, নগরের ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র উদ্যোগে বিশেষ মহিলা মাহফিল, ১২ জানুয়ারি আত্মোন্নয়নমূলক ও তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া’র উদ্যোগে যুগ জিজ্ঞাসার আসর : ‘বাঙালি মানস-সংস্কৃতি ও মাইজভাণ্ডারী ত্বরিকা’ শীর্ষক সেমিনার।

‘১৩ জানুয়ারি গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এর জীবনী আলোচনা, র‌্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা, ১৬ জানুয়ারি মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র উদ্যোগে বিশেষ মহিলা মাহফিল, ১৭ জানুয়ারি দেশ-বিদেশের সাত শতাধিক শাখা কমিটির উদ্যোগে স্ব স্ব এলাকার জামে মসজিদে খতমে কোরআন এবং মিলাদ মাহফিল আয়োজন, ১৮ জানুয়ারি চট্টগাম প্রেসক্লাব মিলনায়তনে (৮ম তলা) ১২তম আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন, ২১ জানুয়ারি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল এর ২০২৪ পর্বের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।’ 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর