Cvoice24.com

চকবাজারে টাওয়ারের ছাদ থেকে লাফ দিলেন যুবক

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:১৮, ২৯ মার্চ ২০২৬
চকবাজারে টাওয়ারের ছাদ থেকে লাফ দিলেন যুবক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার বাণিজ্যিক ভবন গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক অজ্ঞাত যুবক। রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটি শেষে মার্কেট খোলার সময় গুলজার টাওয়ারের দোকানিরা ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ ওই যুবক ভবনের ছাদে উঠে পড়েন। উপস্থিত লোকজন ও নিরাপত্তাকর্মীরা তাকে নামানোর চেষ্টা করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি ছাদ থেকে লাফ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিচে পড়ার আগে যুবক একটি ব্যানারে আটকে যান, পরে ছিটকে বিদ্যুতের তারে লেগে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল বলেন, ‘ঈদের পর মার্কেট খোলা থাকায় ওই ব্যক্তি হঠাৎ ছাদে উঠে লাফ দেন। তাকে আটকানোর চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন উপ-পুলিশ পরিদর্শকও হাসপাতালে আছেন। যুবকের পরিচয় এখনও জানা যায়নি; তাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয় শনাক্তে কাজ করছে। পরিচয় শনাক্ত হলে স্বজনদের খবর পাঠানো হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবককে গুরুতর আহত অবস্থায় নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত আছে। তার আনুমানিক বয়স ২১–২২ বছর।