Cvoice24.com

আবারও পটিয়ায় গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

সিভয়েস২৪ ডেস্ক
১৫:১৬, ১৫ ডিসেম্বর ২০২৪
আবারও পটিয়ায় গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

চট্টগ্রামের পটিয়ায় আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। এবার উপজেলার কচুয়া ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার খামারি মিজানুর রহমানের গোয়াল ঘর থেকে ৩টি গরু নিয়ে গেছে চোরের দল। 

শনিবার (১৪ ডিসেম্বর। দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পটিয়া থানা পুলিশের একটি টিম।

জানা গেছে, গোয়াল ঘরের পেছনের দরজার তালা কেটে চোরেরদল গরুগুলো নিয়ে যায়। যদিও ওই সময় খামারের এক রুমে ঘুমাচ্ছিলেন খামারের দায়িত্বরত রাখাল জয়নাল আবেদীন। 

খামারি মিজানুর রহমান জানান, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার এসআই নয়ন চাকমা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।’

প্রসঙ্গত, কিছুদিন ধরে পটিয়াজুড়ে একাধিক চুরির ঘটনা ঘটছে। ২ নভেম্বর দিবাগত রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের আজম আলীর খামারে গরু চুরিতে বাধা দেওয়ায় তিনজন গুলিবিদ্ধ হন। ১২ নভেম্বর রাতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের এ আর এইচ এগ্রো খামারের ১৮টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনার এক সপ্তাহ পর ১৮ নভেম্বর ধলঘাট গ্রামের মোহাম্মদ তৌহিদুল ইসলামের মালিকানাধীন মরিয়াম অ্যাগ্রো ফার্ম থেকে ২১টি গরু লুটের ঘটনা ঘটে। শনিবার রাতে ঘটল কচুয়ায় গোয়াল ঘরের তালা কেটে গরুর চুরির ঘটনা। 
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর