Cvoice24.com

পটিয়ায় মিনিবাসকে হানিফ পরিবহনের ধাক্কা, দুই পথচারী হতাহত

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:১৫, ২২ ডিসেম্বর ২০২৪
পটিয়ায় মিনিবাসকে হানিফ পরিবহনের ধাক্কা, দুই পথচারী হতাহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. হামিদ নামে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন আব্দুল করিম নামে আরেক পথচারী। 

রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়ার মনসা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের পুরো পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের বাসটি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস রাস্তা থেকে সড়কের পাশের জমিতে পড়ে যায়। ছিটকে পড়া বাসটি দুজন পথচারীকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম সিভয়েস২৪’কে বলেন, ‘দুটি বাসের মধ্যে সংঘর্ষ হলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে হামিদ নামে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পটিয়া থানার মনসা হাসপাতালের সামনের দুর্ঘটনায় আব্দুল করিম নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ২নং ওয়ার্ডে পাঠালে সেখানকার চিকিৎসক আইসিইউতে রেফার করেন। তবে চমেক হাসপাতালে আইসিইউর বেড খালি না থাকায় তাকে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর