Cvoice24.com

পটিয়ায় হযরত উলা মিয়া শাহর ওরশ
সুন্দর জীবন গড়তে আল্লাহর অলিদের আদর্শ অনুসরণের তাগিদ

সিভয়েস২৪ ডেস্ক
১৬:১৫, ৩১ ডিসেম্বর ২০২৪
সুন্দর জীবন গড়তে আল্লাহর অলিদের আদর্শ অনুসরণের তাগিদ

হাজার হাজার ভক্ত অনুরক্ত আশেকানরা অংশগ্রহণে চট্টগ্রামের পটিয়ার প্রখ্যাত অলিয়ে কামেল হযরত উলা মিয়া শাহ (রহ.) এর ৩৮ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার কুসুমপুরা উত্তর হরিনখাইন মাজার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। 

কর্মসূচির মধ্যে ছিল— খতমে কুরআন, হামদ-নাত পরিবেশন, জিকির আসকার, মিলাদ মাহফিল, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ ইত্যাদি। 

বার্ষিক ওরশ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। মাহফিলের প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী, আলোচক হিসেবে আরো তকরির পেশ করেন মাওলানা নুরুল আমিন জিহাদী, মাওলানা আব্দুন নুর আলকাদেরী। 

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, ‘কেয়ামত পর্যন্ত দিশেহারা মানুষের সংস্কার সাধনে যুগে যুগে আবির্ভূত হবেন আউলিয়া ও বুজুর্গানে দ্বীন। আত্ম-অহমিকা, হিংসা, ক্রোধ, বিদ্বেষ, হানাহানি, অনৈতিক-অনৈসলামিক কার্যকলাপের দরুন বর্তমানে বিশ্বে অস্থিরতা, যুদ্ধ, অশান্তি ছড়িয়ে পড়েছে। এখন সকল ভেদাভেদ দূর করতে আউলিয়াদের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই।’ 


 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর