দাওয়াত খেতে গিয়ে ফিরলেন লাশ হয়ে
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস (হাইয়েস)-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৈয়দ মোহাম্মদ তারেকুল ইসলাম (২৮) নামে রাঙ্গুনিয়ার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মো. সাইফুল ইসলাম নামে আরো এক যুবক। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে হাটহাজারীর কাটিরহাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক মোহাম্মদ তারেকুল ইসলাম রাঙ্গুনিয়ার লালানগর বেড়িবাঁধ এলাকার সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, এক বছর আগে একই রাঙ্গুনিয়া উপজেলার বগাবিল এলাকা থেকে বিয়ে করেন সৈয়দ মোহাম্মদ তারেকুল ইসলাম। বৃহস্পতিবার তার স্ত্রীর ভাই সাইফুলসহ মোটরসাইকেল যোগে ফটিকছড়ির হেঁয়াকো এলাকায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তাদেরকে বহন করা মোটরসাইকেলটি হাটহাজারীর কাটিরহাট এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসের (হাইয়েস) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তারেকুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রাত দুইটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারেকের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম চলছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














