রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মো. সেকান্দর নামে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় দায়ের করা মামলায় ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে ২০২০ সালেও ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. সেকান্দর কক্সবাজারের পেকুয়া থানার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা নতুন পাড়া এলাকার বাসিন্দা। তবে তিনি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম লাল বুইজ্জা কলোনিতে থাকেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ভিকটিম শিশুর মা মানুষের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। গত ১৪ অক্টোবর একমাত্র মেয়েকে বাসায় একা রেখে কাজে যান। বাসায় কেউ না থাকার সুযোগে উঠানে খেলা করার সময় শিশুটিকে ডেকে নিয়ে অভিযুক্ত সেকান্দরের ভাড়া বাসায় নিয়ে যায়।
সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার দিলে তার মুখ চেপে ধরে। ভাগ্যক্রমে একই সময় শিশুটির মা কাজ থেকে ফিরে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করলে শিশুটিকে ছেড়ে দেয় বৃদ্ধ সেকান্দর। পরে ঘটনাটি জানাজানি হলে বৃদ্ধ সেকান্দরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, থানায় মামলা নেয়া হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














