Cvoice24.com

রাঙ্গুনিয়ায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১০:২৬, ১ নভেম্বর ২০২৪
রাঙ্গুনিয়ায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানসিক ভারসাম্যহীন স্বামীর হাতমুখ বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় থানায় তিনজনের নামে মামলা দায়ের হলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাইসসের ডেবা এলাকার লেদা মিয়ার ছেলে মো. মোরশেদ (২৮) ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেওয়ানবাজার এলাকার বাসিন্দা মো. নিজাম (২৫)।

 এ ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত একই এলাকার মো. বক্করের ছেলে ইকবাল (২৫)।

জানা যায়, সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২নং দক্ষিণ খন্ডলিয়াপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ননদ বাদী হয়ে বুধবার (৩০ অক্টোবর) রাঙ্গুনিয়া মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী মানসিকভাবে অসুস্থ। এই সুযোগে মামলায় অভিযুক্ত আসামি মোরশেদ, ইকবাল ও নিজাম ঘটনার দিন রাতে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে স্বামীকে হাতমুখ বেঁধে স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এভাবে রাত সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, 'গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে। ঘটনায় জড়িত আরেক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর