ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. রুবেল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মো. রুবেল ওই এলাকার মো. রফিকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, নিহত রুবেল সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন। এমন সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা সেখানে উপস্থিত থাকলেও বিদ্যুৎ সংযোগ থাকায় কেউ এগিয়ে আসতে পারেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে- জানান তিনি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














