রাউজানে আগুনে নিঃস্ব শোভা দে
রাউজান প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ আগুনে সহায়-সম্বল হারিয়ে এখন নিঃস্ব শোভা দে। আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই। খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন তিনি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মৃদুল দে’র বাড়িতে এ ঘটনা ঘটে।
শোভা দে ওই এলাকার প্রয়াত রাখাল দে’র স্ত্রী।
জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, নগদ টাকা আসবাবপত্রসহ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব শোভা দে।

স্থানীয়রা জানায়, ১০-১২ বছর আগে স্বামীকে হারান শোভা । গত ৬ বছর আগেও তার বসতঘরটি পুড়ে গিয়েছিল। তিন-চার বছর আগে উপার্জনকারী একমাত্র ছেলে আত্মহত্যা করলে শোভা দের পরিবারে অন্ধকারের ছায়া নেমে আসে। এলাকার আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষের সহযোগিতায় অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছিলেন তিনি। ভয়াবহ আগুনে তার পুরো বসতঘরসহ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
গার্মেন্টসকর্মী মেয়ে নেভীর দুই সন্তানকে নিয়ে ওই ঘরে থাকতেন। তাদের বই-খাতাও পুড়ে ছাই হয়ে যায়। অসহায় শোভা দে’র পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্থানীয়রা।
কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ‘রাউজানে এক অসহায় নারীর বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই বসতঘরটি পুড়ে গেলেও আশপাশের বেশ কিছু ঘর রক্ষা করতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘর পুড়ে গেছে বলেও দাবি তার।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














