রাউজানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চিরঘুমে প্রবাসী যুবক
রাউজান প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের রাউজানের হলদিয়ায় রাসেল (২৩) নামে এক প্রবাসী যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের লস্কর উজির বাড়িতে এ ঘটনা ঘটে।
রাসেল ওই বাড়ির রফিকুল ইসলামের একমাত্র ছেলে।
জানা গেছে, আগের দিন সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে রাসেল তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন- ‘কপাল খারাপ, নাকি ভাগ্য খারাপ’... অল্পক্ষণ পরে আরেক স্ট্যাটাসে লিখেন- ‘মৃত্যু অতি নিকটে’...সর্বশেষ স্ট্যাটাসে তিনি লিখেন- ‘কারো সাথে খারাপ ব্যবহার করে থাকলে আমাকে মাপ করে দিয়েন, দোয়া করিয়েন’।
স্থানীয়রা জানায়, গত দুই তিন মাস আগে সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে আসেন রাসেল। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে আবার চলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগের দিন আমিরাতে না গিয়ে নিজ ইচ্ছায় চলে গেলেন পরপারে।
রাসেলের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘আমার সব শেষ, একমাত্র ছেলে কী কারণে এমন করেছে তা জানি না। বুধবার সকালে প্রবাসে চলে যাওয়ার কথা ছিল।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, ‘এক যুবকের আত্মহত্যা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। কিন্তু কী কারণে যুবকটি আত্মহত্যা করেছে কিছুই বলছে না পরিবার। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














