Cvoice24.com

গরু চুরি করতে এসে রেখে গেল মোবাইল

রাউজান প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৩০, ১৪ জানুয়ারি ২০২৫
গরু চুরি করতে এসে রেখে গেল মোবাইল

গরু চুরি করতে এসে ভুলে ফেলে গেছে চোরের মোবাইল ফোন। ঘটনাটি অদ্ভুত হলেও সত্য। এটি ঘটেছে চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়ায়। রবিবার (১২ জানুয়ারি) রাতে কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার রাতে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়ার কৃষক রফিক আহমদের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে তিনি দেখেন তার প্রায় দেড় লাখ টাকা দামের গরু দুটি নেই। তবে এ সময় তিনি সেখানে একটি মোবাইল খুঁজে পান তিনি। এতে ধারণা করছেন তিনি, গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ভুলে মোবাইলটি ফেলে গেছে চোরের দল। 

গরুর মালিক কৃষক রফিক আহমদ বলেন, ‘প্রতিদিনের মত খাবার খাইয়ে ঘরের পাশের গোয়াল ঘরে গরু দুটি রেখে শিকল দিয়ে তালাবদ্ধ করি। সকালে উঠে দেখি গোয়াল ঘরের শিকল ও তালা কাটা। দ্রুত ভেতরে ঢুকে দেখি গরু দুটি নেই। তবে সেখানে একটি মোবাইল ফোন পাওয়া যায়।’

তিনি বলেন, ‘আমার ধারণা, রাতের কোনো এক সময় শিকল ও তালা কেটে গরু দুটি নিয়ে যায় চোরের দল। এ সময় ভুলে মোবাইল ফোনটি ফেলে গেছে তারা। পরে অভিযোগ নিয়ে থানা যাই এবং তা আমলে নিয়ে পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিপদাশ রায়কে দায়িত্ব দেয়া হয়।’ 

এ বিষয়ে দিপদাশ রায় বলেন, ‘গরু চোর দুটি গরু চুরি করে নিলেও তাদের একটি মোবাইল ফোন গোয়াল ঘরে ফেলে গেছে চোরেরা। এখন এই মোবাইলের সূত্র ধরে চোর শনাক্তকরণের চেষ্টা চলছে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর