রাউজানে নামাজে যাওয়ার সময় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন। শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়।
নিহত জাহাঙ্গীর উপজেলার নোয়াপাড়া নিরামিশপাড়ার আবু ছৈয়দ মেম্বারের ছেলে এবং নোয়াপাড়া মাকসুদ কমিইউনিটি সেন্টারের মালিক। এছাড়াও নগরের আছাদগঞ্জে তার শুটকির ব্যবসা রয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম নগর থেকে শুক্রবার জুমার নামাজ পড়তে মোটর সাইকেলযোগে গ্রামের বাড়িতে যান জাহাঙ্গীর। তিনি স্থানীয় আসদ আলী মাতবর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়া হয় এবং এর পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়েন।
দ্রুত তাকে উদ্ধার করে নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জাহাঙ্গীর মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














