Cvoice24.com

সাতকানিয়ায় ৩ ছাত্রদলকর্মীর ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৫৬, ১২ অক্টোবর ২০২৪
সাতকানিয়ায় ৩ ছাত্রদলকর্মীর ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামের সাতকানিয়া কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ ছাত্রদলের তিন কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার বাজালিয়া বাস স্টেশনে ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হামলায় আহত আবদুল মোমেন বলেন, ‘ওইদিন কেন্দ্র ঘোষিত মৌন মিছিল ও স্মরণসভা কর্মসূচি পালনের জন্য আমরা কলেজ ক্যাম্পাসে গিয়েছিলাম। এর কিছুক্ষণ পর আসিফ খান সবুজ কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে আমাদের উপর হামলা চালায়।’

উপজেলা ছাত্রদল নেতা মো. আশিকুর রহমান বলেন, ‘কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে আমরা সেদিন কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা পালনের জন্য উপস্থিত হয়েছিলাম। আসিফ খান সবুজ কিশোর গ্যাং সদস্যদের নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের তিনজন কর্মী গুরুতর আহত হয়। আমি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন— জামশেদ আলম (২৭), মোহাম্মদ সালমান (২১) ও আবদুল মোমেন (২১)। তারা উভয়ই ছাত্রদল নেতা আশিকুর রহমানের অনুসারী ছিলেন।


 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর