সাতকানিয়ায় এইচপিভি টিকা নিয়ে ‘অসুস্থ’ ২১ শিক্ষার্থী
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ (এইচপিভি) টিকা নেওয়ার পর চট্টগ্রামের সাতকানিয়ায় ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তবে চিকিৎসক বলছেন, ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে আতঙ্কের কারণে অনেক সময় এমনটা হতে পারে।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেয়া শুরু হয়। ২২০ জন শিক্ষার্থীর টিকা সম্পন্ন হওয়ার পরে দুপুরের দিকে হঠাৎ বিভিন্ন উপসর্গ নিয়ে কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে ভর্তি করান শিক্ষক ও পরিবারের সদস্যরা। চিকিৎসা নিয়ে পরে সন্ধ্যায় শিক্ষার্থীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে।
কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বলেন, সকাল থেকে বেলা ১২টার মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রীদের এইচপিভি টিকা দেওয়া হয়। কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠানো হয়। পরে তারা চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বিকালে বাড়ি ফেরেন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. এম. আবদুল্লাহ-আল-মামুন জানান, দুপুরে টিকা নিয়ে অসুস্থ হলে ২১ জন ছাত্রীকে হাসপাতালে আনা হয়। সাইকোজেনিক কারণে একজনের দেখাদেখি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে। এতে ভয়ের কিছু নেই।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














