সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ি গ্রেপ্তার
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সাতকানিয়ায় শ্বশুর বাড়িতে গৃহবধূ রেশমা সুলতানা রিফার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় শাশুড়িকে রোকেয়া বেগম (৬০) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতে গৃহবধূর বাবা মাহামুদুর রহমান বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে সাতকানিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় শাশুড়ি রোকেয়া বেগম ও ননদের স্বামী মো.জাফরের নাম উল্লেখসহ আরো ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাশুড়িকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় , ২০২২ সালের জানুয়ারি মাসে গৃহবধূ রেশমা সুলতানা রিফা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী মো.মহিউদ্দিনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে মো. তানভির ইসলাম নামে দুই বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। মৃত্যুর আগে গৃহবধূ রিফা ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিয়ের পর থেকে ননদের স্বামী জাফরের প্ররোচনায় শাশুড়িকে দিয়ে ঝগড়া সৃষ্টি করে নানাভাবে রিফাকে অপমান-অপদস্ত করতো। বিষয়গুলো নিহত গৃহবধূর পিতা মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে কয়েকবার মীমাংসা করে দেন।
ঘটনার দিন শনিবার সকালে জাফর মোবাইল ফোন থেকে গৃহবধূর বাবাকে মোবাইল ফোনে তার মেয়ে অসুস্থ বলে জানান এবং কেরানিহাট আশশেফা হাসপাতালে আসতে বলেন। নিহতের পিতা হাসপাতালে গিয়ে দেখেন রিফা মারা গেছে। এর মধ্যে শাশুড়ি ও জাফরসহ অন্যরা পালিয়ে গেছেন।
মামলার বাদী মাহামুদুর রহমান বলেন , ‘আমার মেয়ে নিষ্পাপ। বিভিন্ন সময় মেয়ের ননদের স্বামী শাশুড়িকে দিয়ে ঝগড়া লাগিয়ে রাখতো। চরমভাবে অপমান করতো আমার মেয়েকে।’
তিনি আরও বলেন, ‘তাদের পথের কাঁটা সরাতে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো.মোস্তফা কামাল খান বলেন , ‘আত্মহত্যার প্ররোচণার অভিযোগে গৃহবধূর বাবা মাহমুদুর রহমান বাদি হয়ে দুই জনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে শনিবার মধ্যরাতে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলার শাশুড়িকে গ্রেপ্তার করে রবিবার (১০ নভেম্বর) সকালে আদালতের সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













