Cvoice24.com

সীতাকুণ্ডে দুই আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩, একজনকে গণধোলাই

সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
২২:৩১, ১১ নভেম্বর ২০২৪
সীতাকুণ্ডে দুই আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩, একজনকে গণধোলাই

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিনে দুই আওয়ামী লীগ নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এরই মধ্যে মো. আরিফুল কবির (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। পরে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) তাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আ. লীগ নেতা মো. আরিফুল কবির (৪৬) ২০১৫ সালের জামায়াত নেতা ওসমান হত্যা মামলার এজাহারভূক্ত ২ নাম্বার আসামি। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে গা ঢাকা দেন তিনি। সোমবার রাত ৮ টার দিকে তিনি নিজ এলাকায় আসলে স্থানীয় বিএনপি- জামায়াতের নেতাকর্মীরা ধরে তাকে গণধোলাই দিয়ে থানায় হস্তান্তর করে।

উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান বলেন, ‘আরিফ ২০১৫ সালের ১৫ ডিসেম্বর জামায়াত নেতা উসমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী। সে মামলার দুই নম্বর আসামি। পুলিশের গুলি খেয়ে উসমান পুকুর থেকে উঠে বাচাঁর চেষ্টা করলে আরিফ গলায় পা দিয়ে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে। আজ জনগণ গণধোলাই দিয়ে তাকে থানায় হস্তান্তর করেছে।’

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  মো. নুর উদ্দিন বলেন, ‘গুরুতর আহত এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।’

এদিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুর নবী প্রকাশ বাবুলকে (৩২) তার নিজ বাড়ি ভাটিয়ারি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গত ২৭ নভেম্বর দায়ের হওয়া বিষ্ফোরক মামলার সন্দেহভাজন আসামি।

অন্যদিকে ফকিরহাট গরুর বাজার থেকে শহিদুল ইসলাম বাবুল (৫০) নামের এক গরু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সম্প্রতি ইকোপার্ক সংলগ্ন একটি গরুর খামারে হামলা ও জবরদখল চেষ্টা মামলার আসামি।

সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব চন্দ্র পোদ্দার বলেন,‘আহত এক ব্যক্তিকে থানায় আনা হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বিষ্ফোরক ও নিয়মিত মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হবে।’


 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর