একদিনে সীতাকুণ্ডে সড়কে ঝরলো ৩ প্রাণ
সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনটি স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময় উপজেলার এসকে এম জুট মিল, বগুলা বাজার ও শীতলপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের এসকেএম জুট মিল গেট এলাকার মহাসড়কে ধান মাড়াইয়ের একটি মেশিনকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ধান মাড়াই মেশিনের উপরে থাকা দুই শ্রমিক। আহত হয়েছেন আরও তিন জন শ্রমিক।
নিহতরা হলেন— নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামের সাইদুর রহমানের পুত্র মোহাম্মদ খোকন (৩০) ও একই জেলার সদর উপজেলার মোহাম্মদ রানা (৩৫)।
অপর দুর্ঘটনায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় বিকাল চারটার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. তাইজুদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভোলা জেলার ভোলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন বলেন,‘রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
এদিকে অপর এক ঘটনায় সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় বেলা তিনটার দিকে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চার জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














