Cvoice24.com

সীতাকুণ্ডে শ্রমিক দল নেতাকে কুপিয়ে খুন

সীতাকুণ্ড প্রতিনিধি
০৮:২৫, ৩ জানুয়ারি ২০২৫
সীতাকুণ্ডে শ্রমিক দল নেতাকে কুপিয়ে খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের শ্রমিক দলের নেতাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক দল নেতা মীর মো. আরমান হোসেন (৪৮) তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মৃত মোতাহের হোসেনের ছেলে। সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আরমান হোসেন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। মুঠোফোনে কথা বলতে বলতে তিনি চায়ের দোকান থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পরেই বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বলেন,"কে বা কারা কৌশলে ডেকে নিয়ে শ্রমিক দলের সাবেক সভাপতি আরমানকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।"

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কারা হত্যা করেছে তা শনাক্তের চেষ্টা চলছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর