Cvoice24.com

আহত ১০, ব্যাপক ক্ষয়ক্ষতি
উখিয়া বাজারে আগুনে ১৬ দোকান পুড়ে ছাই, নিহত ১

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:২২, ১০ নভেম্বর ২০২৫
উখিয়া বাজারে আগুনে ১৬ দোকান পুড়ে ছাই, নিহত ১

কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেছে ১৬টি দোকান। বিকেলের শান্ত সময়কে মুহূর্তেই শোকের নগরে পরিণত করে দেয় আগুনের লেলিহান শিখা। এ ঘটনায় দগ্ধ হয়ে একজন মারা গেছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া বাজারের দক্ষিণ পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিজাখিল গ্রামের আলী মিয়ার পুত্র মোহাম্মদ আলী (৫৭)। তিনি কাঁচাবাজারের প্রবেশমুখে ম্যাট্রসেস দোকানের মালিক ছিলেন। এছাড়া আহত ১০ জনের মধ্যে ৬ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আর গুরুতর দগ্ধ ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ উখিয়া বাজারের একটি ইলেকট্রনিক্স দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পাশের দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকান মালিকরা প্রাণপণ চেষ্টা করেও তাদের মালামাল উদ্ধার করতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে আনার আগে কেউ কেউ দোকানের পেছনের দরজা ভেঙে পালিয়ে প্রাণ রক্ষা করেন।

উখিয়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে টেকনাফ ও রামু ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসে প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বাজারের মুদি, কাপড়, মোবাইল, ইলেকট্রনিক্স, ফার্মেসি ও হোটেলসহ ১৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দোকান মালিকদের দাবি— ক্ষতির পরিমাণ প্রায় দুই থেকে তিন কোটি টাকা হতে পারে। 

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার বড়ুয়া জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ইলেকট্রনিক্স দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারি ও বেসরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ইসমাইল জানান, তার দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল, যা একেবারেই শেষ হয়ে গেছে। 

আরেক ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের লোকজন না এলে পুরো বাজারই শেষ হয়ে যেত।

উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও প্রশাসন যৌথভাবে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত শুরু করেছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আগুন লাগার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা জানিয়েছেন, উখিয়া বাজারে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত অগ্নিনির্বাপক সরঞ্জাম নেই। সরু রাস্তা ও ঝুলন্ত বৈদ্যুতিক তারের কারণে আগুন নেভাতে বিলম্ব হয়। তারা বাজারে স্থায়ী ফায়ার পোস্ট এবং উন্নত অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপনের দাবি জানিয়েছেন।